বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্র্রকাশের পর টিকিটের দাম বেড়ে আকাশ ছুঁয়েছে। পর্তুগাল, আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচের টিকিট কিনতে রিসেল ওয়েবসাইটগুলোতে সমর্থকদের গুণতে হচ্ছে তিনশ থেকে পাঁচশ শতাংশ পর্যন্ত বাড়তি দাম।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর, ২১০ দেশের প্রায় ১৫ লাখ সমর্থক যুক্তরাষ্ট্র, মেসিকো ও কানাডায় হতে চলা বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন করেছেন। সূচি ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে টিকিটের আকাশচুম্বী মূল্য, বিশেষ করে জনপ্রিয় তিন দলের ম্যাচের টিকিট ঘিরে।
ফিফার ওয়েবসাইটে প্রথম দুধাপে যারা সরাসরি টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন, তারা রিসেল সাইটগুলো থেকে টিকিট কেনার চেষ্টা জারি রেখেছেন। যার প্রভাব পড়েছে ম্যাচ ভেদে টিকিটের দামে, বেড়েছে পাঁচশ শতাংশেরও বেশি। তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ৯১ ম্যাচের মধ্যে ৭৮টিই রয়েছে।
সমর্থকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পর্তুগাল, ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো। রিসেল মার্কেটে গ্রুপপর্বের সবচেয়ে দামি টিকিট মিয়ামিতে হতে চলা পর্তুগাল-কলম্বিয়া ম্যাচ। ম্যাচের টিকিট কিনতে গুণতে হচ্ছে ২ হাজার ১৮৯ ডলার, যা মূল দামের চেয়ে ৫১৪ শতাংশ বেশি। তালিকার পরের অবস্থানে রয়েছে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ। শীর্ষ পাঁচে রয়েছে আর্জেন্টিনার দুটি ম্যাচও।
নকআউট পর্বের টিকিটের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পছন্দের দলকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরে ৩ জুলাইয়ের আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম পৌঁছেছে ৫০০ থেকে ১৫০০ ডলারে।








