কুমিল্লার লাকসামে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়ি বহরে এবং তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মনোনয়ন প্রত্যাশী দোলাসহ অন্তত ২০ জন আহত হয়।
রোববার ৯ অক্টোবর দুপুরে কুমিল্লার লাকসামের ছনগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া আবুল কালামের সমর্থকরা এ হামলা চালায়। হামলায় সামিরা আজিম দোলার গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। দোলা লাকসামের সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্ণেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিমের মেয়ে।
স্থানীয় সূত্রে ও আহতরা জানান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা গাড়ি বহর নিয়ে লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ছনগাও গ্রামে যান। বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রত্যাশী আবুল কালামের সমর্থক গ্রুপ হামলা চালায়। এ সময় সশস্ত্র হামলাকারীরা সামিরা আজিম দোলার গাড়ি ভাংচুর করে এবং গাড়ির ভিতরে থাকা দোলার ওপর আক্রমণ করে। এতে তিনি আহত হন। হামলার সময় দোলার অন্তত ২০জন নেতাকর্মী এবং ৪ জন স্থানীয় সাংবাদিক আহত হন। আহত অবস্থায় দোলাকে একটি মোটরসাইকেলে করে দ্রুত লাকসাম উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়।
এছাড়া অপর আহতদেরও লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর লাকসাম ও মনোহরগঞ্জে সামিরা আজিম দোলার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।







