সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আরেকটি বিপদজনক গাড়ি স্টান্টের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, চালকসহ গাড়িতে থাকা দু’জন হঠাৎ গাড়ির ছাদে উঠে রিল ভিডিও বানাচ্ছেন। চলন্ত গাড়িতে এমন বিপদজনক রিল ভিডিও বানানোর অভিযোগে তাদের আর্থিক জরিমানা করেছে ভারতীয় পুলিশ।
বুধবার ১৬ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, নয়ডার দু’ব্যক্তি ইনস্টাগ্রাম রিল বানানোর নেশায় একটি চলন্ত গাড়িতে উঠে স্টান্ট দেখাচ্ছে। ভিডিও প্রকাশের সাথে সাথে তা ভাইরালও হয়ে যায়।
তাদের একজন এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারী। তিনি তার টাইমলাইনে পোস্ট করেছেন ছোট সেই ক্লিপিংসটি। ভিডিও-তে দেখা যায়, একটি চার চাকা গাড়িতে করে দু’জন কোথাও যাচ্ছিলেন। প্রথমে তারা গাড়ির ভেতরে থাকলেও কিছুক্ষণের মধ্যেই দু’জনই দরজা ধরে দাঁড়িয়ে ঝুলতে থাকে। আরও আশ্চর্যজনকভাবে তাদের একজন প্রথমে গাড়ির ছাদে বসলে, কিছুক্ষণ পর চালক তার সাথে যোগ দেন। তাদের কেউই এই স্টান্টের বিপদ সম্পর্কে অবগত ছিল না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, নয়ডা ট্র্যাফিক পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয়। পুলিশ ওই গাড়ির চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরপরই এটি পুলিশের দৃষ্টিতে আসে। যার ফলে তারা চালককে আর্থিকভাবে জরিমানা করেন।
সম্প্রতি ভাইরাল হওয়া আরও একটি ভিডিওতে দেখা যায়, উত্তরপ্রদেশে সাতজন মিলে একটি বাইকে চড়ে স্টান্টের ঘটনা। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, একজন যুবক বাইক চালাচ্ছেন, আর তার পিছনে রয়েছে সাত যুবক। যার মধ্যে দু’জন বসে বাইকের তেলের ট্যাঙ্কে। কেউ বা বসে আরেকজনের কাঁধে। এমন দুঃসাহসিক স্টান্ট দেখে হতভম্ব নাগরিকরা। একের পর এক অদ্ভুত স্টান্টের খেলায় হতবাক সচেতন মহল থেকে প্রশাসন। এই স্টান্টের নেশা আজকের যুবসমাজের সামাজিক ব্যাধিতে পরিণত হতে চলেছে বলে মনে করছেন সামাজিকবিজ্ঞানীদের একাংশ।








