দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঘোড়াঘাট উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার নামক এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন (৬৮) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার আনোয়ার হোসেন (৫০) নিহত হন। নিহত আনোয়ার উপজেলার কোচ গ্রামের ওমর আলীর ছেলে।
এছাড়া আহতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাদিপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে এনামুল হক (৫০), আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন (৩৫) ও নবানগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৩৬)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো.মুজিবুর রহামান জানান, রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ভ্যানে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক। এতে ভ্যানগুলো দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়াও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় আরও একজনের মৃত্যু হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকাল ৭টার দিকে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ এবং এর চালক সিদ্দিক হোসেনকে আটক করা হয়েছে।
তিনি জানান, চালক সিদ্দিক হোসেন দিনাজপুরের কোতয়ালী থানাধীন রামনগর মহল্লার শেখ ওসমান আলীর ছেলে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।









