কক্সবাজার টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলার হিজলিয়া নামক স্থানে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে উখিয়া উপজেলার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জহিরুল হকসহ দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
বৃহস্পতিবার ১২ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক জহির নিহত হন। এর আগে দুপুর ১২ টার দিকে দুর্ঘটনাস্থলে সহকারী প্রকৌশলী নিহত হন।
নিহত জহুরুল হক কুষ্টিয়া জেলার সদর উপজেলার নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি উখিয়া উপজেলা এলজিডি উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান দুপুরে কক্সবাজার টেকনাফ মহাসড়কের উখিয়ায় উপজেলার হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী বাস ও উখিয়ামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত উখিয়া উপজেলার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী জহিরুল হককে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি অটোরিকশার চালক জহির ড্রাইভার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনায় উখিয়া উপজেলা এলজিইডির অপর এক সহকারী প্রকৌশলীসহ তিন যাত্রী আহত হয়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।










