লেবাননের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় নির্বিচারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, শুধু কাসার আল-জাতার এলাকায় বোমা হামলায় পাঁচজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এই মাসের শুরুতে এক বিমান হামলায় হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হাশেম সাফিউদ্দীনকে হত্যা করেছে।
এদিকে উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালিয়ে অন্তত সাতজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
গাজা সিটিতেও ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে তিনজন নিহত হয়েছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর হাতে মারা গেছে এক শিশু।







