ঢাকা মহানগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইনে এক হাজার ১৩১টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।
গতকাল সোমবার ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ১৩১টি মামলা ও ৪৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অভিযানকালে ২২৩টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে বলেও জানান মুহাম্মদ তালেবুর রহমান।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।







