আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার ১০৬তম জন্মদিন

বয়সী ব্যক্তির হাসিমুখে ছবি, চশমা পরা, জন্মদিন উদযাপন, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রত্নতাত্ত্বিকবিদ, অনুবাদক, নৃবিজ্ঞানী, পুঁথিবিশারদ, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া এর ১০৬তম জন্মদিন ১ অক্টোবর।
দিবসটি উপলক্ষে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া প্রতিষ্ঠিত দিনাজপুর মিউজিয়াম, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক স্থান সীতাকোট বিহার এবং দিনাজপুরে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া-এর স্মৃতিধন্য স্থানসমূহ পরিদর্শনের কর্মসূচি গ্রহণ করেছে। এতে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া-এর পরিবারের সদস্য ও ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির সদস্যরা অংশ নেবেন।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে ১৯১৮ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে পড়াশোনা সম্পন্ন করার পর প্রথমে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে অবিভক্ত বাংলার বেঙ্গল সিভিল সার্ভিসের সর্বশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকারের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের পূনর্গঠনে ভূমিকা রাখেন। ১৯৭৬ সালে তাকে সচিব পদ থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ৯৮ বছর বয়সে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া-এর দীর্ঘজীবন ছিল কর্মমুখর। আজীবন তিনি গবেষণা কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ২০০৮ সাল থেকে তিনি আমৃত্যু ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ গ্রণয়ন কমিটির সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে কাজ করেছেন। ঢাকার আরবী, ফার্সি, উর্দু ভাষার শিলালিপির পাঠ, উচ্চারণ ও অনুবাদের সম্পাদনা কাজ সমাপ্ত করে গেছেন। যা এখন প্রকাশের অপেক্ষায় আছে।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া অর্ধ শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তার রচিত, অনূদিত ও সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ: বাঙলাদেশের প্রত্ন সম্পদ, বাঙালির নৃতাত্তিক পরিচিতি, বাংলা সাহিত্যে গাযী-কালু ও চন্দ্রাবতী উপাখ্যান, গুপিচন্দ্রের সন্ন্যাস, নবাব সিরাজ-উদ-দৌলা, কুমিল্লা জেলার ইতিহাস, বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, সিয়ার-উল-মুতাখ্খিরিন, তবকাত-ই-নাসিরী, মোযাফফর নামা ইত্যাদি।



