বাংলা কিউআরে বিক্রেতাকে দিতে হবে না ১% মাশুল

বাংলা কিউআর ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য গ্রহণে বিক্রেতার কাছ থেকে নেওয়া ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এ মাশুল আর দিতে হবে না বিক্রেতাদের। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলা কিউআরকে আরও সুশৃঙ্খল ও টেকসই করতে ১ শতাংশ এমডিআর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে প্রায় ৪০ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছেন। গত জুনে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করার পর এ মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ এবং আর্থিক মূল্য প্রায় পাঁচ গুণ বেড়েছে।
এদিকে আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর চালু হবে। সেদিন থেকে কোডভিত্তিক পার্সন-টু-পার্সন (পিটুপি) লেনদেন করা যাবে।






