কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জীপ চালকসহ আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মালুমঘাট স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজির পাড়ার বাসিন্দা মৃত আবদুল গণি সওদাগরের ছেলে।
আহতরা হলেন, একই এলাকার শেকাব উদ্দিন সাকিব (২০) এবং চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়ার বাসিন্দা জীপচালক আবদুল হাকিম (৪৫), তিনি আবুল হোসেনের ছেলে।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সন্ধ্যায় কক্সবাজারমুখী একটি বাস ও চকরিয়ামুখী একটি জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জীপের এক যাত্রী নিহত হন এবং চালকসহ আরও দুইজন আহত হন। দুর্ঘটনাকবলিত বাস ও জীপ জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










