নিজেদের ফুটবল ইতিহাসের ৯৬ বছরে প্রথমবারের মতো কোপা ডেল রে’র ফাইনালে উঠেছে আলাভেস। শিরোপার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ শক্তিশালী বার্সেলোনা।
সেল্টা ভিগোর বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় লেগে উইঙ্গার এডগার মেন্ডেজের একমাত্র গোলে ইতিহাস গড়ে দলটি। ম্যাচের ৮৩তম মিনিটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে দৃষ্টিনন্দন গোলটি করেন তিনি।
সেল্টা ভিগোর লাগো আসপাস একবার গোলের খুব কাছেও যেয়ে খালি হাতে ফেরেন।
এর আগে ২০০১ সালে একবার বড় টুর্নামেন্ট উয়েফা কাপের ফাইনালে উঠেছিল আলাভেস। সেবার লিভারপুলের কাছে ৫-৪ গোলে হেরে যায় দলটি।
ফাইনালে মেসিদের বিপক্ষে কী ফল আসবে, তা নিয়ে এখনই না ভেবে আলাভেস অধিনায়ক ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে চাইছেন। ম্যাচ শেষে মানু গার্সিয়া বলেন, ‘আজকের রাতটি আমরা উপভোগ করতে যাচ্ছি। ফাইনালে বিজয় চাইবো। কিন্তু তার আগেই ইতিহাস সৃষ্টি করেছি।’







