অ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বাদ পড়েছেন মারিয়া শারাপোভা। ম্যাচটি ৬৪ মিনিট স্থায়ী হয়।
জার্মানির ২১তম বাছাই কারবার নাইট-সেশনের ম্যাচটি ৬-১ ৬-৩ সেটে জিতে নিয়েছেন। গোটা ম্যাচে পাঁচবার সার্ভ ব্রেক করেন তিনি।
অন্যদিকে পুরুষদের এককে নিজ নিজ ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ। দ্বিতীয় সেটে ইনজুরিতে পড়েন জোকোভিচ। লম্বা সময় ধরে চিকিৎসা নিয়ে আবার র্যাকেট হাতে নিতে সক্ষম হন তিনি।
২০১৬ সালের বিজয়ী কারবার চতুর্থ রাউন্ডে খেলবেন তাইওয়ানের হিশেই সু-উইয়ের বিপক্ষে।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জানি মারিয়া সব সময় লড়াই করতে পছন্দ করে। প্রথম সেটের পর স্কোর নিয়ে ভাবতে চাইনি। আক্রমণাত্মক থাকার চেষ্টা করি। সেই সঙ্গে নিজের খেলাটা খেলে যাই।’
‘একদম শুরু থেকে সেটাই কাজে দেয়। আজ রাতে যা খেললাম তাতে আমি খুশি।’
২০১৬ সাল থেকে দীর্ঘ ১৫ মাস ডোপ নিষেধাজ্ঞার কারণে খেলার বাইরে ছিলেন শারাপোভা। মাঠের বাইরে থাকার প্রভাব পড়েছিল র্যাঙ্কিংয়েও। ৬০তম স্থানে থেকে ২০১৭ সাল শেষ করেছিলেন।
আসরের প্রথম ম্যাচে তাতজানা মারিয়াকে সরাসরি সেটে হারিয়েছিলেন তিনি।







