ত্রুটিপূর্ণ এয়ারব্যাগের কারণে ৪ লাখ ৮২ হাজার গাড়ি যুক্তরাষ্ট্রের বাজার থেকে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।
২০১০ থেকে ২০১২ সালে নির্মিত প্রিয়াস এবং ২০১১ ও ২০১২-তে নির্মিত লেক্সাস সিটি মডেলের গাড়িগুলোতে এই ত্রুটি ধরা পড়েছে।
গত কয়েক বছরে টয়োটাসহ অন্যান্য গাড়ি নির্মাতা কোম্পানিগুলো এয়ারব্যাগের সমস্যা নিয়ে লাখ লাখ অভিযোগ পেয়েছে এবং গাড়িগুলো ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। সবগুলো এয়ারব্যাগই তৈরি করেছিল টাকাটা নামের একটি কোম্পানি।
এর আগে সরাসরি স্বীকার না করলেও এবার স্পষ্টভাবেই এয়ারব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নামটা জানিয়ে দিল টয়োটা। প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে টয়োটা জানিয়েছে, ত্রুটিযুক্ত এয়ারব্যাগগুলোর জোড়াতে একটা করে ছোট ফাটা অংশ চিহ্ণিত করা গেছে। সময়ের সাথে সাথে এই ফাটা জায়গাটুকু বড় হতে থাকে।
এয়ারব্যাগ জিনিসটা ব্যবহার করা হয় যেন গাড়ি বড় কোনো ধাক্কা খেলে এয়ারব্যাগটি ফুলেসামনের আঘাত থেকে আরোহীকে বাঁচাতে পারে। কিন্তু ত্রুটিযুক্ত এয়ারব্যাগগুলো কোনো দুর্ঘটনা ছাড়াই যে কোনো সময় নিজে নিজেই ফুলে উঠতে পারে।
এর ফলে যে ইনফ্লেটরের ভেতর এয়ারব্যাগটি বসানো থাকে, ব্যাগটি হঠাৎ ফুলে যাওয়ায় সেটির বিভিন্ন অংশ ছিটকে গাড়ির ভেতর ছড়িয়ে যেতে পারে। এতে দুর্ঘটনা এড়ানোর বদলে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় গাড়ি নির্মাতা টয়োটা।
তবে এখন পর্যন্ত এই এয়ারব্যাগের কারণে হতাহতের কোনো ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি বলেও বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।







