জাতীয় লিগের (এনসিএল) পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ হলেন রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী। শৃঙ্খলাজনিত সমস্যায় লেভেল-২ ভঙ্গ করায় এমন শাস্তি পেলেন তিনি। পর পর দুই দিন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তার নামের পাশে যোগ হয়েছে ৫ ডিমেরিট পয়েন্ট।
বিসিবির আম্পায়ার্স কমিটি সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী ৪ থেকে ৭ ডিমেরিট পয়েন্ট পেলে দুই ম্যাচ নিষিদ্ধ হবেন ওই খেলোয়াড়। ডিমেরিট পয়েন্ট ১২ মাস পর্যন্ত বহালও থাকবে।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পান আকবর। প্রথম দিন পান একটি ডিমেরিট পয়েন্ট। পরের দিন মাত্রা ছাড়িয়ে যান তিনি।
ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে থাকতে আম্পায়ারের সঙ্গে বাকবিতন্ডা হয় তার। পরে ব্যাটিংয়ে তাকে আউট দিলে ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুঁড়ে মেরে একটি চেয়ার ভেঙে ফেলেন তিনি। ড্রেসিংরুমে গিয়েও ভাঙচুর করেন বলে জানা যায়।
ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ আখতার আহমেদ। তারাই ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেছেন। সে মোতাবেক দেয়া হয়েছে শাস্তি।







