নিউ জার্সিতে বলিভিয়াকে ৫-০ গোলে ধরাশায়ী করে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে উরুগুয়ে। পাঁচ উরুগুইয়ান পান জালের দেখা। আরেক খেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পানামা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে উরুগুয়ে টেবিলের শীর্ষে। হেরে গিয়েও ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। তাদের সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তিনে পানামা। আসর থেকে ছিটকে যাওয়া বলিভিয়া ঝুলিতে ভরতে পারেনি কোনো পয়েন্ট।
ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন ফাকুন্দো পেলিস্ট্রি। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড ডারউইন নুনেজ। বিরতির পর ৭৭, ৮১ ও ৮৯ মিনিটে নিশানাভেদ করেন যথাক্রমে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ফেদেরিকো ভালভার্দে এবং রদ্রিগো বেন্টানকুর।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আরেক খেলায় ১৮ মিনিটে লাল কার্ড দেখেন টিমোথি উইয়াহ। দশজনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র। চার মিনিট পর স্বাগতিকদের লিড এনে দেন ফোলারিন বালোগুন।
সমতায় ফিরতে পানামা বেশি সময় নেয়নি। ২৬ মিনিটে সিজার ব্ল্যাকম্যান লক্ষ্যভেদ করেন। হোসে ফাজার্ডোর ডানপায়ের শটে ৮৩ মিনিটে পানামা জয়সূচক গোলের দেখা পায়। পাঁচ মিনিট পর দলটির অ্যাডালবার্তো ক্যারাসকুইলা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও খেলার ফলাফলে প্রভাব ফেলেনি।








