লা লিগায় মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রিয়ালকে। ড্রয়ের পর কার্লো আনচেলত্তি মেনে নিচ্ছেন ভালো অবস্থায় নেই তার দল, তবে শেষ পর্যন্ত লড়ে যেতে চান লস ব্লাঙ্কোসদের কোচ।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘এটি লা লিগা থেকে বিদায় নয়, তবে শিরোপা জেতা আগের থেকে অনেকটা কঠিন হয়ে গেছে। আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’
লিগে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে চারে অ্যাটলেটিকো ৪২ পয়েন্টে ও তিনে সোসিয়েদাদ ৪৩ পয়েন্ট নিয়ে। এক ম্যাচ কম খেলে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে ৫৯ পয়েন্টে শীর্ষে আছে বার্সেলোনা।
চোট সমস্যা ও ঠাঁসা সূচি নিয়ে নানা সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের ও ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওয়ালা। দলের বাজে ফর্মের জন্য অল্প সময়ে বেশি ম্যাচ খেলানোকে দায়ী করছেন আনচেলত্তিও।
‘প্রতিপক্ষ ভালো খেলেছে যেকারণে আমরা হেরেছি। এটা মেনে নিলাম, ফুটবলে এমনকিছু বিষয় মাথায় থাকে। যখন আমরা ম্যাচ জিতি তখন অন্যদেরও এমনটা ঘটে। আমরা ভালো খেলতে পারিনি। এটা খুবই স্বাভাবিক যে, আমরা আমাদের সেরা ফর্মে নেই। কারণ ৩০ ডিসেম্বর থেকে ৫০ দিনের মধ্যে ১৭টি ম্যাচ এরইমধ্যে খেলা হয়ে গেছে আমাদের।’







