লাঞ্চ বিরতির পর প্রথম বলেই সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসান। চড়াও হতে গিয়ে বিলিয়ে আসেন নিজের উইকেট। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৮২ রানে। মুমিনুল হক ও মুশফিকুর রহিম মিলে বাংলাদেশের রান নিয়ে গেছেন তিন অঙ্কে। এ প্রতিবেদন লেখার সময় মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। খেলা হয়েছে ৩৬ ওভার।
মুমিনুল ২৯ ও মুশফিক ৮ রানে অপরাজিত আছেন। ৩৯ বলে একটি করে চার-ছয়ে ১৬ রান করে সাজঘরে ফেরেন সাকিব। ৪৩ রানে ভাঙে তৃতীয় উইকেট জুটি। উইকেটটি নেন উমেশ যাদব।
মিরপুর টেস্টের প্রথম ঘণ্টা নিরাপদেই পার করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। বিরতির পর ৪ বলের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুজনই।
১৫ রান করা জাকির উনাদকাটের হঠাৎ লাফিয়ে ওঠা বলে ক্যাচ দেন রাহুলের হাতে। ২৪ রান করে নাজমুল বিতর্কিত সিদ্ধান্তে হন এলবিডব্লিউ।
অশ্বিনের অফস্টাম্পের বাইরে পিচ করা বল বেরিয়ে যাচ্ছিল। তাতে প্যাডআপ করেন এ বাঁহাতি ওপেনার। আম্পায়ার তুলে দেন আঙুল। রিভিউ নিলে দেখা অফস্টাম্পে একটু ছোঁয়া লাগত। আম্পায়ার্স কলের কারণে ফিরতে হয় সাজঘরে।
তার আগে টেস্টে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন নাজমুল। চার অঙ্কে নাম লেখাতে ২০ রান দূরে ছিলেন বাংলাদেশ ওপেনার। মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পৌঁছান হাজার রানে।
মাইলফলকে নাম লেখাতে ২১* টেস্টের ৩৯ ইনিংস লেগেছে। হাজার রানের পথে নাজমুল দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন। সর্বোচ্চ ইনিংসটি ১৬৩ রানের।







