‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ নভেম্বর শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০১৬’।
বুধবার মেলার আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে প্রতিবারের মতো এবারও মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।
মেলার আহবাায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, দিন দিন প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে। তাই সব মানুষের মধ্যে প্রজাপতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রজাপতি সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য প্রতিবছরের মতো এবারও এই ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করতে যাচ্ছি।
তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী ৪ নভেম্বর মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন আইইউসিএন’র (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার) বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ।
দিনব্যাপী প্রজাপতি মেলা সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রজাপতির মেলায় থাকছে, বর্ণাঢ্য র্যালি, ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বিতর্ক প্রতিযোগিতা (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ।







