রোনালদো চলে গেছে। দলের হালও পাল্টে গেছে। রিয়াল মাদ্রিদ এখন বড়সড় চমকের অপেক্ষায়। একাধিক স্প্যানিশ পত্রিকা জানাচ্ছে, নেইমারকে টার্গেট করে রিয়াল এই মৌসুমে এখনো বড় কোনো তারকাকে দলে ভেড়ায়নি।
স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্টে’র দাবি, রোনালদোর সাবেক ক্লাব ৩০০ মিলিয়ন ইউরোর রেকর্ড গড়ে নেইমারকে পিএসজি থেকে ছিনিয়ে আনতে চায়।
বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। তাকে দলে টানতে ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন রিয়ালের সাবেক এই ফুটবলার।
রিয়ালকে দুইবার স্প্যানিশ লিগ এবং কোপা ডেল রে জিতিয়েছেন রোনালদো। মাদ্রিদের হয়ে উয়েফা সুপার কাপ জিতেছেন বেশ কয়েকবার। চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন চারবার। রিয়ালে থাকার সময়ই নিজে চারবার জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার।
রিয়াল চাইলেও নেইমার কী করবেন, এখনো সে বিষয়ে কোনো খবর আসেনি। বিশ্বকাপের পর পিএসজি এবং নেইমারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, এই মৌসুমে ব্রাজিলিয়ান তারকার দলবদলের কোনো ইচ্ছা নেই।







