তামিলনাড়ু থেকে আন্দামান যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান। বেশ কয়েক ঘণ্টা সময় ধরে বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন। বিমানটিতে ২৯ জন ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল। কিন্তু বিমান বাহিনী সূত্রের খবর, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এএন-৩২ বিমানটি পোর্ট ব্লেয়ারে পৌঁছয়নি
উড়োজাহাজটির খোঁজে আশেপাশে ব্যাপক তল্লাশী শুরু করেছে বিমান, নৌ এবং কোস্টগার্ডের সদস্যরা।
নিখোঁজ বিমানটি এএন-৩২-এর বলেই আশঙ্কায় ভারতীয় বিমানবাহিনী। ১৯৯৯ সালে এই গোত্রেরই একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। ২১ জনকে নিয়ে আকাশে উড়েছিল সেই বিমানটি। দিল্লি বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই সেটি ভেঙে পড়ে।
রাশিয়ার তৈরি ১০০শ’র বেশি এএন-৩২ রয়েছে ভারতীয় বিমানবাহিনীতে। কোনো রকম জ্বালানি ছাড়াই এই বিমান চার ঘন্টার বেশি আকাশে উড়তে পারে।










