চিটাগংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে ২০ রানের আক্ষেপের কথা জানিয়েছেন রংপুর রাইডার্সের পেসার জিয়াউর রহমান। অন্যদিকে চিটাগংয়ের কোচ সালাউদ্দিন দলের অধিনায়ক তামিম ইকবালের ভূয়সী প্রশংসা করলেন।
রোববার মিরপুরের হোম অব ক্রিকেটের মিডিয়া সেন্টারে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
জিয়াউর রহমান বললেন: রান কম হওয়ার জন্য বোলাররা ভালো কিছু করতে পারেননি। স্কোর বোর্ডে ১২৪ রানের জায়গায় ১৪৫ রান থাকলে খেলাটা অন্যরকম হতে পারত।
গেইলকে নিয়ে কোন প্ল্যান ছিল কি না এমন প্রশ্নের জবাবে জিয়া বললেন: আমরা গাজী আর নাইমকে রেখেছিলাম। গেইল অফ স্পিন একটু কম ভালো খেলে। তবে নাইমের ইনজুরি আমাদের ভুগিয়েছে।
অন্যদিকে সংবাদ সম্মেলনে এসে নিজ দলের অধিনায়ক তামিম ইকবালের প্রশংসা করেন কোচ সালাউদ্দিন।
সালাউদ্দিন বললেন: তামিম আগের চাইতে এখন অনেক পরিণত। সে জন্যই তার এ ধারাবাহিকতা। সে আস্তে আস্তে ইনিংস বিল্ড আপ করে।
দলের খেলোয়াড়দের প্রশংসা করে কোচ বলেন: চার ম্যাচ হেরে খেলোয়াড়রা ঘুরে দাঁড়িয়েছে সত্যিই প্রশংসনীয়। আমরা এখন ভুল অনেক কম করছি। তাই জয়ে রয়েছি।







