২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অংশ নেবে ২০ দল। ১২ দল সরাসরি খেলার টিকেট হাতে পাবে।
রোববার দুবাইয়ে হওয়া আইসিসির বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ যজ্ঞ। আসরের সেরা আট দল সরাসরি খেলবে ২০২৪ বিশ্বকাপে। দুই স্বাগতিক দেশ ও প্রথম বারো দলের বাকি দুটি আসবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। সেই দুটি দল আসবে চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে ভর করে।
বাকি আট দলকে জায়গা পেতে আঞ্চলিক বাছাইপর্বের বাধা পার হতে হবে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি করে দল বিশ্বকাপে সুযোগ পাবে। আমেরিকা ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে সুযোগ পাবে একটি করে দল।








