১৮ বছরের মধ্যে এ বছর সর্বোচ্চ ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ফেনী ও শেরপুরে ডেঙ্গুর বিস্তার ঘটছে বলে জানা গেছে।
প্রতি ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছে মানুষ। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। যারা জ্বর নিয়ে আসছে এবং জ্বর সনাক্ত হচ্ছে তাদের চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
জরুরি ও বর্হিবিভাগে ডেঙ্গু জ্বরের রোগীর ভীড় বাড়ছেই। ডেঙ্গু সনাক্তের পরীক্ষাসহ ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য রোগী আসতে শুরু করেন চলতি মাসের শুরু থেকেই।
ঢাকার প্রায় প্রতিটি সরকারি হাসাপাতালের জরুরী ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে জ্বর নিয়ে অন্তত একশ’ থেকে দেড়শ’ রোগী আসছেন।
শিশু ওয়ার্ডের প্রতিটি বেডে প্রায় ৪ থেকে ৫ জন করে শিশু। বেডে জায়গা না পেয়ে নিচে ও বারান্দায় অবস্থান নিয়েছে অনেকে। চিকিৎসা নিয়ে চলে যাবার পরও হাসপাতালে বেডের অভাব থেকেই যাচ্ছে।
সরকারি হিসেবমতে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে ৭ হাজার ৮শ’ ৪৯ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা সিটির দুই মেয়রকে কার্যকর মশার ওষুধ প্রয়োগ করতে জরুরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







