আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ থাকবে। ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর দিন। তাই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাণিজ্য মেলার আয়োজক সূত্রে এই তথ্য জানা গেছে।
এ বিষয়ে মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক এবং মেলার সদস্য সচিব আব্দুর রউফ চ্যানেল আই অনলাইনকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হবে আগামী ১০ জানুয়ারি (শুক্রবার)। সেজন্য ওইদিন বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, বাণিজ্য মেলার পাশেই প্যারেড গ্রাউন্ড, সেখানেই ক্ষণগণনা শুরু হবে। সেজন্যই মেলা বন্ধ থাকবে।
এর আগে বাণিজ্য মেলা ১০ জানুয়ারি বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মেলা শুরুর দিন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সুপারিশের আলোকে গঠিত নিরাপত্তা উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেছিলেন তিনি।
ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১২ সিটি কর্পোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহরগুলোতে, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে। এসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। অনুষ্ঠান যাতে বিভিন্ন স্থান থেকে জনসাধারণ দেখতে পায়, সেজন্য টিভিস্ক্রিন বসানো হবে বলেও জানান তিনি।
গত ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৪০ টাকা, শিশুদের জন্য ২০ টাকা। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।







