নতুন নির্বাচন কমিশনের জন্য ১০ জনের নাম সুপারিশ করতে আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে সার্চ কমিটি। এর আগে বিকেল সাড়ে ৪টায় নামের চূড়ান্ত তালিকা তৈরি করতে সার্চ কমিটির সদস্যরা জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন।
রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নামগুলো থেকে বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করার কথা রয়েছে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তাবিত নামের তালিকা হস্তান্তর করবেন।
রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত এবং চেয়ার হারাবার ভয় না থাকা সাহসী মানুষদেরই নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া হবে বলে জানায় সার্চ কমিটি। সরকারের প্রভাবমুক্ত হয়েই সার্চ কমিটি ইসি পুনর্গঠন করবে বলে রোববার জানান কমিটির মুখপাত্র মন্ত্রিপরিষদ সচিব।
সবার কাছে গ্রহণযোগ্য ইসি নিয়োগে দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইতোমধ্যে ২ দফা বৈঠক করেছে কমিটি।
যোগ্যতার মানদণ্ডে কারা আসবেন, আর যোগ্যতার মানদণ্ডটা কি সে বিষয়ে এর মধ্যেই স্পষ্ট করে বলেছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, বিশিষ্ট নাগরিকদের পরামর্শকে গুরুত্ব দিয়ে ৭০ বছরের উর্ধ্বে কাউকে নিয়োগ দেয়া হবে না।
তবে ছাত্র জীবনে রাজনীতি করলেও পরে যাদের কর্মকাণ্ডে দলীয় প্রভাব পড়েনি, সেসব ব্যক্তিদের নিয়েই ইসি গঠন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সার্চ কমিটির এই সদস্য আরও বলেন, সরকারের প্রভাবমুক্ত হয়ে আগামীর জন্য এমন নির্বাচন কমিশন গঠন করা হবে, যারা রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত হয়ে প্রশাসন আর আইন শৃংঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা দিতে পারবেন। নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারবেন।
দলগুলোর দেয়া তালিকায় থাকা বির্তকমুক্ত নাম আজ সার্চ কমিটি প্রস্তাব করবে বলে তিনি জানান।







