শততম টেস্টের মাইলফলকের ম্যাচে নেমেছে বাংলাদেশ। ২০০০ সালে ক্রিকেটের অভিজাত আঙ্গনে পা রাখার পর দীর্ঘ পথ চলায় মোট ৮৫ জন ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ক্যাপ পরেছিলেন। পি. সারায় বুধবার সেটির সঙ্গে আরেকজন যোগ হলো। মোসাদ্দেক হোসেন সৈকত টাইগারদের ৮৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন।
২১ বছর বয়সী তরুণ অলরাউন্ডার সৈকত ৮টি ওয়ানডে ও ৪টি টি-টুয়েন্টি খেলার পর সাদা পোশাকে নামলেন। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচে ২৮২ রানের ইনিংস খেলার অভিজ্ঞতা আছে অপার সম্ভাবনাময় এই তরুণের। রঙিন পোশাকে নিজেকে প্রমাণ করেছেন। এবার টেস্টের পালা।
বাংলাদেশের হয়ে টেস্ট ক্যাপ পরা সকলের মধ্যে ১১ জন ব্যতিক্রম। তারা ইতিহাসের নায়ক। নামগুলো- শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, আল শাহরিয়ার রোকন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, বিকাশ রঞ্জন দাস। তারা বাংলাদেশের অভিষেক টেস্টের একাদশ আলোকিত করেছেন।
এর আগে গত নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টার্চ টেস্টে একসঙ্গে অভিষেক হয় দুজনের- নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহান। সেই তালিকায় সর্বশেষ সংযোজন সৈকত।
হাবিবুল বাশার সুমন প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ টেস্টের মাইলফলকে পা দিয়েছেন। মুশফিক পি. সারায় ৫৪তম টেস্টে খেলতে নেমেছেন। সাকিব আল হাসান ও তামিম ইকবাল ৪৯তম ম্যাচে নেমেছেন। বাকিদের মধ্যে খালেদ মাসুদ পাইলট ৪৪টি, মোহাম্মদ রফিক ৪৪টি, জাভেদ ওমর বেলিম ৪০টি, মাশরাফি বিন মুর্তজা ৩৬ করে ম্যাচ খেলে বাংলাদেশের টেস্ট অঙ্গন আলোকিত করেছেন।







