টি-টুয়েন্টি ক্রিকেটে একই ম্যাচে হ্যাটট্রিক করার পর সেঞ্চুরি হাঁকানোর অবিশ্বাস্য কীর্তি গড়েছেন রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন।
এর আগে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে জো ডেনলি সারের বিপক্ষে কেন্টের হয়ে শতকসহ (১০২) হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন।
রাসেল হ্যাটট্রিক করেন ইনিংসের শেষ ওভারে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তুলে নেন ম্যাককালাম, ব্রাভো ও রামদিনকে। গত মৌসুমে রশিদ খানের পর সিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।
জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪১ রানেই ৫ উইকেট হারিয়েছিল জ্যামাইকা। এমন সময় ব্যাটিংয়ে নেমে রাসেল ফিফটি করেন মাত্র ২২ বলে। পরের ১৮ বলে করেন বাকি পঞ্চাশ। সব মিলিয়ে ৪০ বলে করা তার সেঞ্চুরিটি সিপিএলের ইতিহাসে দ্রুততম। শেষ পর্যন্ত ১৩ ছক্কা ও ৬টি চারে ৪৯ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে রাসেল মাঠ ছেড়েছেন চার উইকেটের জয় নিয়ে, তিন বল হাতে রেখে!







