প্রতিপক্ষ ফুলহ্যামের মতো মাঝারি সারির দল। সেই দলের বিপক্ষে জয়কে পাখির চোখ করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। শিষ্যরা হতাশ করেননি গুরুকে। বড় জয়ই পেয়েছে চড়াই-উতরাইয়ের মধ্যে থাকা রেড ডেভিলরা। আরেক ম্যাচে কোনরকমে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের ম্যাচে ম্যানইউ’র জয়টা ৪-১ গোলের। হার্ডাসফিল্ড টাউনের বিপক্ষে আর্সেনালের জয় ১-০ ব্যবধানে।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের দখলে নেয় ম্যানইউ। ১৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের পাসে গোলের খাতা খোলেন অ্যাশলি ইয়ং। পরে রাশফোর্ডের আরেক পাসে ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান মাতা।
বিরতির তিন মিনিট আগে ৩-০ করেন রোমেলু লুকাকু। হুয়ান মাতার বুদ্ধিদীপ্ত পাসে কেবল পা-ই ছোঁয়াতে হয়েছে বেলজিয়ান ফরোয়ার্ডকে।
পরের অর্ধে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে ফুলহ্যাম। দুই গোলের যোগানদাতা রাশফোর্ড ৮২ মিনিটে নিজেই গোলের খাতায় নাম লেখালে লড়াই বৃথা যায় ফুলহ্যামের।
রাতের আরেক ম্যাচে নিজেদের মাঠে হার্ডাসফিল্ড টাউনকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে আর্সেনালকে। ম্যাচের ৮৩ মিনিটে লুকাস টরেইরার গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় উনাই এমেরির দলের।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্টে টেবিলের তিনে উঠে এসেছে গানাররা। উন্নতি হয়েছে ম্যানইউরও। সমান ম্যাচে ২৬ পয়েন্টে টেবিলের ছয়ে উঠে এসেছে হোসে মরিনহোর শিষ্যরা।









