আনচেলত্তি অধ্যায় শেষে এখন আবারও হাসছে বায়ার্ন মিউনিখ। দলের সঙ্গে হাসছেন কোচ ইয়ুপ হেইঙ্কসও। চতুর্থবারের মত বায়ার্নের ডাগআউটে ফেরার পর হেইঙ্কসের হাসি চওড়া করে চলেছেন তার শিষ্যরা। শনিবার তাকে আরও বড় উপহার দিল লেভানডোভস্কি-ভিদালরা।
প্রথম কোনও ব্যক্তি হিসেবে জার্মান বুন্দেসলিগায় ৫০০তম জয়ের রেকর্ড গড়েছেন বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কস। অগসবার্গের বিপক্ষে বাভারিয়ানদের ৩-০ গোলে জয়ের ম্যাচে এমন কীর্তি গড়েন তিনি।
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। অপর গোলটি চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালের। জয়ে ছয় পয়েন্ট এগিয়ে থেকে লিগে শীর্ষে অবস্থান করছে জার্মান ‘কাইজাররা’।
হেইঙ্কস তার খেলোয়াড়ি জীবন ও কোচিং মিলিয়ে বুন্দেসলিগায় মোট ১,০১৬ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। যেখানে ৫০০ ম্যাচে জয় পেলেন। এই লিগে বায়ার্নসহ আরও কয়েকটি দলের কোচ হিসেবে ৩২৬ ম্যাচে জয় পান তিনি। আর খেলোয়াড়ি জীবনে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ ও হ্যানোভার ৯৬’র হয়ে ১৭৪ ম্যাচ জেতেন।
কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার পর গত সেপ্টেম্বরই বায়ার্নের হয়ে চতুর্থবারের মতো কোচিংয়ে আসেন ৭২ বছর বয়সী ইয়ুপ হেইঙ্কস। এর আগে তিনি ১৯৮৮-৮৯, ১৯৮৯-৯০ ও ২০১২-১৩ মৌসুমে বায়ার্নকে লিগ শিরোপা জেতান।
ল্যান্ডমার্ক জয়ের পর হেইঙ্কস বলেন, ‘এটা আমার জন্য একটা বিস্ময়। আমি পরিসংখ্যান এবং সংখ্যা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু ৫০০? এটি একটি চিত্তাকর্ষক সংখ্যা। একজন খেলোয়াড় হিসাবে আমার দীর্ঘ কর্মজীবন ছিল, এবং এখন একজন কোচ হিসাবে। তবে এটা কোনও পরিকল্পনা করে হয়নি।’
আনচেলত্তিকে বরখাস্তের সময় চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়েছিল বায়ার্ন। হেইঙ্কস ফেরার পর সেই ডর্টমুন্ডের চেয়ে এখন ৯ পয়েন্ট এগিয়ে তারা। দুইয়ে থাকা লেইপজিগের চেয়ে ৬ পয়েন্ট।







