কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস ১৯ জুলাই। আর এই দিনকে ঘিরে বরাবরই বেশকিছু অনুষ্ঠান প্রচার করে চ্যানেল আই। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম।
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষ্যে তার আগের দিন (১৮ জুলাই) চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে তার উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘কৃষ্ণপক্ষ’। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি দেখানো হবে।
মেহের আফরোজ শাওন পরিচালিত দুটি বিভাগে জাতীয় পুরস্কার পাওয়া এ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে আছেন রিয়াজ ও চিত্রনায়িকা মাহি। এছাড়া অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ,তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ আখন্দ ও ফারুক আহমেদ।








