হিডিলিন ডিয়াজ, তিনি ফিলিপিন্সের প্রথম অলিম্পিক স্বর্ণজয়ী

ফিলিপিন্সের প্রথম অলিম্পিক স্বর্ণজয়ী হিডিলিন ডিয়াজের ছবি, তিনি মেডেল পরিধান করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অলিম্পিকে স্বর্ণ পদক জয়ই যেখানে বিশাল ঘটনা, সেখানে কোনো একটি দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক স্বর্ণজয়ী হলে তো কথাই নেই। মাথায় তুলে রাখার মতো এমন কীর্তিই গড়েছেন হিডিলিন ডিয়াজ, তিনি এখন ফিলিপিন্সের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনাজয়ী অ্যাথলেট।
টোকিও অলিম্পিকের আগে ১০টি পদক ছিল ফিলিপিন্সের পাশে, ছিল না কেবল কোনো স্বর্ণ পদক। সেই খরা কাটালেন হিডিলিন ডিয়াজ। সোনার হাসি এসেছে ভারোত্তোলনে ৫৫ কেজি ওজনশ্রেণিতে।
সোমবার গেমসের তৃতীয় দিনে ডিয়াজ ফাইনাল স্ন্যাচে ৯৭ কেজি ওজন তোলেন। একই পরিমাণ ওজন তোলেন চীনের লিয়াও কিউইয়ানও। পরে ক্লিন অ্যান্ড জার্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অলিম্পিক রেকর্ড ১২৭ কেজি তুলে সোনা আনেন ডিয়াজ।
চীনের লিয়াও মোট ২২৩ কেজি ওজন তুলে রুপা জিতেছেন। এই ইভেন্টের ব্রোঞ্জ গেছে কাজাখস্তানে, দেশটির অ্যাথলেট জুলফিয়া চিনসানলো ২১৩ কেজি ওজন তুলে তৃতীয় হয়েছেন।








