যে হাসপাতালে চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে আসা হয়েছিলো, মা-বাবার আশা ছিলো সুস্থ হলে সন্তানসহ হাসিমুখে বাড়ি ফিরবেন, সেই হাসপাতালের সাততলা থেকে ছুঁড়ে ফেলে ওই নবজাতককে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শিশুটির মায়ের ফুপুকে আটক করেছে পুলিশ।
ভোরের দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নির্মম এ হত্যাকাণ্ড ঘটেছে।
কে বা কারা শিশু হত্যা করেছে খতিয়ে দেখতে সঙ্গে থাকা নবজাতকের মায়ের ফুপু জবেদা খাতুনকে আটক করেছে পুলিশ।
শিশুটির বাবা ফজলুল হক জানান, রক্তে সংক্রমণসহ নিউমোনিয়ায় আক্রান্ত নবজাতক আবদুল্লাহ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলো। শিশুটির মা বাকপ্রতিবন্ধী নুরুন্নাহার ছিলো অন্য ওয়ার্ডে। শিশুটি একটু সুস্থ হওয়ায় গতরাতে মায়ের কাছে দেওয়া হয়।
কিন্তু সোমবার ভোরের আলো ফোটার আগেই হাসপাতালের সামনে নবজাতকের লাশ পাওয়া যায় বলে জানান শিশুটির বাবা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জবেদা খাতুন শিশু হত্যার সঙ্গে তার সংশ্লিষ্ট থাকার কথা অস্বীকার করেছেন। তবে তার জিজ্ঞাসাবাদ চলছে।
শিশু আব্দুল্লাহর মরদেহ ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







