ভেনিজুয়েলার বিপক্ষে হার কোনো রকমে হার এড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই গ্রুপপর্ব শেষ করল মেক্সিকো। কোপা আমেরিকার শতবর্ষের বিশেষ আয়োজনের ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র করে ভেনিজুয়েলা। তিন খেলায় দুই জয় এক ড্রতে মেক্সিকোর পয়েন্ট ৭। সমানসংখ্যক ম্যাচে সমান জয়-ড্রতে ভেনিজুয়েলারও পয়েন্ট ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো।
‘সি’ গ্রুপ থেকে কোপার সর্বাধিক চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং জ্যামাকার আগেই বিদায় নিশ্চিত ছিল মেক্সিকো এবং ভেনিজুয়েলার। তাই চাপহীন ম্যাচে দুদলের লড়াই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুটি দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল। জ্যামাইকার বিপক্ষে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো এবং উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করে ভেনিজুয়েলা।
এদিন ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় ভেনিজুয়েলা। দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন জোস ভেলাসকুয়েস। এক গোলে পিছিয়ে থাকা মেক্সিকো গোল শোধে মরিয়া হয়ে উঠে। কিন্তু ভেনিজুয়েলার রক্ষণের সাথে গোলকিপারের বাধায় জালই খুঁজে পাচ্ছিলো না মেক্সিকানরা। এর মধ্যে জাভিয়ের হার্নান্দেজের দুটি এবং ডিয়েগো রায়াসের একটি জোড়ালো শট আটকে দেন ভেনেজুয়েলার গোলকিপার।
উরুগুয়ের মতো হারের শঙ্কায় পড়েছিল মেক্সিকো। তবে ৮০ মিনিটে জেসাস করোনার অসাধারণ এক গোলে সমতায় ফেরে তারা। এই গোলে হার এড়ানোর সঙ্গে যেমন গ্রুপ চ্যাম্পিয়ন হয় মেক্সিকো, তেমনি কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে মোকাবেলা করা থেকে রক্ষা পায়।
এই ম্যাচে ড্র করে টানা ২২টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকলো মেক্সিকো। সেই সাথে টানা ১১ জয়ের পর ড্র করলো তারা।







