হার দিয়ে শুরু হল অস্ট্রেলিয়া দলের জাস্টিন ল্যাঙ্গারের যুগ। অল্প রানের পুঁজি নিয়েও নতুন প্রজন্মের অজি দল লড়াই চালায় সাধ্য মতো। কিন্তু অভিজ্ঞতার অভাবে ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারতে হয় অস্ট্রেলিয়াকে। অজিরা হারলেও একই রাতে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
প্রথম ব্যাট করে শুরুটা ভালো হয়নি অজিদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার ট্রেভিস হেড (৫) আউট হয়ে যান। এরপর অ্যারন ফিঞ্চ (১৯), শন মার্শ (২৪), মার্কাস স্টোইনিস (২২) সেট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন।
অধিনায়ক টিম পেইন ১২ রানের বেশি সংগ্রহ করতে পারেননি। অ্যাস্টন অ্যাগারকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। ষষ্ঠ উইকেটের জুটিতে দু’জনে মিলে ৮৪ রান যোগ করেন। শেষে ৬৪ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল। ৬২ বলে ৪০ রানের সতর্ক ইনিংস খেলেন অ্যাগার। ৪৭ ওভারে স্মিথ-ওয়ার্নারহীন অনভিজ্ঞ অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপ ধসে যায় ২১৪ রানে।
ইংল্যান্ডের হয়ে মঈন আলি ও লিয়াম প্লাঙ্কেট তিনটি করে উইকেট নেন। দু’টি উইকেট দখল করেন আদিল রশিদ।
অজিদের জবাব দিতে নেমে ইংল্যান্ডও মাত্র ৩৮ রানের মধ্যে জেসন রয় (০), অ্যালেক্স হেলস (৫) ও জনি বেয়ারস্টোর (২৮) উইকেট হারায়। তবে চতুর্থ উইকেটের জুটিতে জো রুট ও ইয়ন মরগান ১১৫ রান যোগ করেন। রুট ৫০ ও মরগান ৬৯ রান করে আউট হতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। দ্রুত আউট হন জোস বাটলারও (৯)।
১৬৩ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা ইংল্যান্ডকে পথ দেখান মঈন আলি ও ডেভিড উইলি। মঈন ১৭ ও উইলি অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ইংল্যান্ড ৪৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৮ রান তুলে ম্যাচ জিতে যায়।
অন্যদিকে, এডিনবার্গে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৮৪ রানে জিতেছে পাকিস্তান। ফলে দুই ম্যাচের সিরিজ ২-০তেই জিতল সরফরাজ আহমেদের দল।
প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১৬৬ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন শোয়েব মালিক। রান পেয়েছেন টপঅর্ডারের প্রায় সবাই। ওনেপার ফখর জামান ৩৩, আহমেদ শেহজাদ ২৪ রান করেন।
পাকিস্তান ইনিংসের জবাব দিতে নেমে ৫ ওভার ২ বল বাকি থাকতে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় স্কটিশরা। তাদের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।
পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ৫ রানে ৩টি ও উসমান খান ৪ রানে ২টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান একটি করে উইকেট নেন।









