শক্তিশালী সাউথ কোরিয়ার মেয়েদের বিপক্ষে ৭-০ গোলের বড় হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের মিশন।
সাফ অনূর্ধ্ব-১৮ শিরোপা ঘরে তুলে এএফসি চ্যালেঞ্জ জিততে তাজিকিস্তান গেছে বাংলাদেশের মেয়েরা। সেখানে প্রথম ম্যাচেই ধাক্কা খেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
বুধবার দুশানবের পামির স্টেডিয়ামে কোরিয়ানদের বিপক্ষে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। প্রথমার্ধেই হজম করে বসে তিন গোল। ৮, ১৭ ও ২১ মিনিটে আসে গোলগুলো।
দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৬৮, ৭১, ৮১ ও অতিরিক্ত সময়ের পেনাল্টি গোলে বড় হারই দেখে শেষঅবধি।
২৬ অক্টোবর আরেক শক্তিশালী প্রতিপক্ষ চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয়পর্বে যেতে হলে পরের দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মেয়েদের সামনে।







