হার দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে শিরোপা রক্ষার লড়াইতে নামা বিশ্বচ্যাম্পিয়ন। তাই যেকোনও মূল্যে সুইডেন ম্যাচ জিততে হবে তাদের। লাইফলাইনের সন্ধানে শুরু থেকে এদিন মার্কো রিউসকে নামাতে পারেন জোয়াকিম লো। সেক্ষেত্রে কোপ পড়তে পারে ড্রাক্সলার বা খেদিরার উপর। তিন পয়েন্টের জন্য সর্বস্ব নিয়ে ঝাঁপাতে তৈরি লো।
মেক্সিকোর কাছে একটা ম্যাচ হার লো’র দুনিয়াই বদলে দিয়েছে। তার সুখের সংসারে ছোটখাটো চিড়ও। কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলের ভেতরে। জোয়াকিম লো জানেন সুইডেন ম্যাচ জিতে গেলে এসব উধাও হয়ে যাবে। তার জন্য বেশ সাবধানী তিনি।
জার্মান কোচ তার চেনা ৪-২-৩-১ ছকেই শনিবার দল নামাবেন। মেক্সিকো ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেও সুইডেনের বিরুদ্ধে শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েছে রিউসের। গত ম্যাচে লো তিনজন পরিবর্ত ফুটবলার নামিয়েছিলেন।
সুইডেন ম্যাচে সামনে থাকবেন ওয়ার্নার। তার একটু পিছনে মুলার, রিউস ও ওজিল। তাদের বল জোগানোর দায়িত্বে ক্রুস ও খেদিরা। তবে ডিফেন্সে বোয়ার্টেং ও কিমিচের সঙ্গে লো পাচ্ছেন না ম্যাটস হামেলসকে। ইনজুরির কারণে খেলতে পারবেন তিনি। হামেলসের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন লো’। আরেক ডিফেন্ডার প্ল্যাটনহার্ডের জায়গায় ফিরবেন হেক্টর।







