বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি আর ৬ মাস বাকি আছে। মেয়াদ পূর্তির আগেই চাকরি হারাতে পারেন টাইগার হেড কোচ। মিরপুরে বিসিবি সভা শেষে এক প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি ফারুক আহমেদ স্পষ্ট করেই জানালেন হাথুুরুসিংহের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে।
‘এখনও হাথুরুর চুক্তির মেয়াদ ৬ মাস বাকি। আমাদের এখনও সামনে তিনটা সিরিজ আছে। আমরা চেষ্টা করছি বিকল্প খোঁজার। আমরা কিন্তু হুট করেই কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তবে, এটা বলতে পারি যে খুব শীঘ্রই আপনারা এই বিষয়ে ফলাফল দেখতে পারবেন।’
হাথুরুসিংহের সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। বিসিবি যদি তার আগেই তাকে বিদায় করতে চায় তাহলে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে হাথুরুসিংহেকে তখন তিন মাসের বেতন দিতে হবে বিসিবিকে।
সেই বিষয়টি মাথায় নিয়েই হয়তো আপাতত কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড।








