রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে হাতিরঝিলের ৪নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- হেদায়েতউল্লা (২৬) ও তার বন্ধু হাবিবুল্লা (২৩)। তারা সম্পর্কে বন্ধু।
নিহত হেদায়েতউল্লাহর বাড়ি কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলায়। তার বাবার নাম আব্দুর রব। তিনি তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় হলিড্রিম আবাসিক হোটেলের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন, এবং সেখানেই থাকতেন। হাবিবুল্লার বাড়ি গাজীপুর কাপাশিয়া এলাকায়। তার বাবার নাম ফজলুল করিম। চাকরির জন্য তার বন্ধু হেদায়েতের কাছে আসেন।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, হলিড্রিম হোটেলের একটি প্রজেক্ট দেখতে হাতিরঝিলে আসেন দুই বন্ধু। পরে মোটরসাইকেল নিয়ে হোটেলে ফেরার পথে হাতিরঝিল ৪ নম্বর রোডে আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সাথে ধাক্কা লেগে দু’জনই ঘটনাস্থলে মারা যান।
মোটরসাইকেলটি নতুন ছিল। এছাড়া নিহত দুই বন্ধুর কারও মাথায় হেলমেট ছিল না।
খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।







