বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তির বাহিনীর হাইতি মিশনে ব্যানএফপিইউ-৩ (BANFPU-3) কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য মঙ্গলবার গভীর রাতে ইউএন চার্টার ফ্লাইটে হাইতির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন।
কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) শেখ রফিকুল ইসলাম এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরী মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে দিকনির্দেশনামূলক ব্রিফিং করেন।
এ সময় তিনি মিশনে নিয়োজিত থাকাকালে বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশের সম্মান ও মর্যাদা অক্ষুণ রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য পুলিশ শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান।
এসময় ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মোঃ মহসিন হোসেন এনডিসি এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার আটত্রিশ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।








