চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে এবার আপিল বিভাগে আবেদন করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে নিপুণের এই আবেদনটির শুনানি হবে।
চিত্রনায়ক জায়েদ খানের করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। এছাড়া নিপুণের অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদপ্তর যে চিঠি দেয় তার কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। এই আদেশের পর জায়েদ খানের আইনজীবী জানান, ‘শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এবং তার কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।’
হাইকোর্টে জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে শনিবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এফডিসিতে ফলাফল ঘোষণা করেন। তাতে গত দুই মেয়াদে শিল্পী সমিতির সভাপতি থাকা মিশা সওদাগরকে ৪৩ ভোটে হারিয়ে এবার সভাপতি হন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন ইলিয়াস কাঞ্চনের প্যানেলের প্রার্থী নিপুণ আক্তার।
নির্বাচনের পর দিন নির্বাচনী আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে পুনরায় ভোট গণনার আবেদন করেন নিপুণ। সে আবেদনের প্রেক্ষিতে আপিল বোর্ড ভোট গণনা শেষে জায়েদকেই জয়ী ঘোষণা করেন। পরবর্তীতে আপিল বোর্ডের কাছে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনা’র অভিযোগ তুলে তার ও চুন্নুর প্রার্থিতা পদ বাতিলের আবেদন করেন নিপুণ। বিষয়টি নিয়ে সমাধানে আসতে নির্বাচনী আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি দিয়ে দিকনির্দেশনা চায়। পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের নির্দেশে জায়েদ খান ও চুন্নুর বিষয়ে বৈঠকে বসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড। বৈঠকে শেষে বোর্ডের প্রধান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল বলে সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। পরদিন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের বিজয়ীরা শপথ নেন।







