একসঙ্গে কাজ করতে যাচ্ছেন হলিউডের দুই মহারথী ক্লিন্ট ইস্টউড এবং টম হ্যাংকস। শোনা যাচ্ছে অস্কারজয়ী ক্লিন্ট ইস্টউডের পরিচালনায় তার পরবর্তী চলচ্চিত্রে অভিনয় করবেন আরেক অস্কারজয়ী কিংবদন্তী টম হ্যাংকস। এজন্য হ্যাংকসের সঙ্গে ক্লিন্ট এবং ওয়ার্নার ব্রাদার্সের নাকি আলোচনাও শুরু হয়েছে।
পরিচালক ক্লিন্টের নতুন এই চলচ্চিত্রটি তৈরি হবে বাস্তবের এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে। ২০০৯ সালের ১৫ জানুয়ারিতে ইউএস এয়ারওয়েজের ‘ফ্লাইট ১৫৪৯’ নামের একটি বিমান উরন্ত অবস্থায় অসংখ্য পাখির সঙ্গে ধাক্কা খায়। ফলে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং এক পর্যায়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হতে যায়। কিন্তু বিমানের পাইলট তার অসামান্য দক্ষতায় বিমানটিকে হাডসন নদীতে জরুরি অবতরণ করিয়ে রক্ষা করেন একশ’ ৫৫ জনের প্রাণ। ওই ঘটনাটি পরিচিত ‘মিরাকল অন দ্যা হাডসন’ নামে।
এই মিরাকলের সেই নায়ক ক্যাপ্টেন সুলেনবার্গারকে নিয়ে বানানো হবে চলচ্চিত্রটি।ধারণা করা হচ্ছে এই সুলেনবার্গারের চরিত্রেই অভিনয় করবেন হ্যাংকস।






