হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ বাবদ বর্ধিত ফি আদায় কেন বেআইনী হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, গর্ভনিংবডির সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানাতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে মঙ্গলবার এ রুল জারি করেন।
শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ৯ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মো: জালাল উদ্দিন খান একটি রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন।






