বেনজেমা জোড়া গোল পেলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের অন্যতম কারিগর কেইলর নাভাস। প্রথম লেগের পর দ্বিতীয় লেগে অন্তত আটটি শট সেভ করে দলকে রক্ষা করেছেন এই কোস্টারিকান। ফাইনালে যেতে ব্যর্থ হয়ে হতাশ বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেসের মুখে শুধুই নাভাসের কথা।
হেইঙ্কেস বলেছেন, লস ব্লাঙ্কোসরা কিয়েভের টিকিট নিশ্চিতের জন্য নাভাসকে ধন্যবাদ জানাতে পারে।
অ্যালিয়েঞ্জ অ্যারেনায় প্রথম লেগ ২-১ গোলে জিতেছিল রিয়াল। ঘরের মাঠের ফিরতি লেগে ২-২ গোলে ড্র করে জিনেদিন জিদানের দল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোল ব্যবধানে ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলা বায়ার্ন ২২টি শট নিয়েছে রিয়ালের গোল মুখে।যার মধ্যে ১০টি শটই ছিল টার্গেটে। ৮টি শট রুখে দেন নাভাস। যে দুটি শট রুখতে পারেননি, সেই দুইবারই বল জালে জড়িয়েছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হেইঙ্কেস বলেন, ‘নাভাসকে ধন্যবাদ দিতে পারে রিয়াল।সে ছিল অসাধারণ এবং দারুণ কিছু সেভ করেছে। দুটি ম্যাচে তাকালে মনে হবে আমরাই ভালো দল ছিলাম। ফাইনালে উঠতে না পারাটা তাই বেশ হতাশার।’
অবসর ভেঙে বায়ার্নের কোচ পদে ফিরেছিলেন ৭২ বছর বয়সী হেইঙ্কেস। পরিকল্পনামতোই মৌসুম শেষে আবারও অবসরে যাবেন তিনি, ‘আমি আর বেঞ্চে (ডাগ আউট) ফিরছি না। ৭২ বছর বয়সে এই ধরনের রোমাঞ্চে নামার লোক খুব বেশি নেই।’
‘এ ব্যাপারে আমার কোনো আবেগ নেই। ২-২ ড্র করায় আমি হতাশ। এটা আমাদের জন্য হারের মতোই। দলের জন্য আমি বলব, ফুটবল তাদের প্রাপ্য পুরস্কার দেয়নি’,-যোগ করেন হেইঙ্কেস।







