অন্যান্য খেলা

হকির বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ হকি দল ট্রফি জিতেছে, উল্লাস ও উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হকি দল আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি গ্রহণ ও উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওমানকে হারিয়ে এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ হকি দলের জন্য আরেকটি সুখবর এসেছে। হকির বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ৩১তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দল।

র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে অবস্থান করছে বেলজিয়াম। তিনে রয়েছে নেদারল্যান্ডস। চার নম্বরে ভারত, পাঁচে জার্মানি ও ষষ্ঠ স্থানে আছে আর্জেন্টিনা।

২৬তম স্থানে আছে এএইচএফ কাপে বাংলাদেশের কাছে গ্রুপপর্বে ও ফাইনালে হারা ওমান। শেষ মুহূর্তে আসর থেকে নাম প্রত্যাহার করে নেয়া চীন ২৫তম অবস্থানে রয়েছে।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে উড়ন্ত শুরু পেয়েছিলেন জিমি-মিমোরা। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখে লাল সবুজের দলটি। সিঙ্গাপুরকে গুঁড়িয়ে দেয় ৭-০ ব্যবধানে।

তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করে হোসেন সরোয়ারের দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জেতে ৩-২ গোলে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

গ্রুপপর্বের উড়ন্ত ফর্ম ধরে রেখে সেমিতে কাজাখস্তানকে ৮-১ গোলে হারায় বাংলাদেশ। জিতে ফাইনালের পাশাপাশি মে মাসে হতে চলা হকির এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে।

এরপর ফাইনালে ওমানের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আসর শুরুর আগে বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ের ৩৮তম স্থানে ছিল। টানা ৬ ম্যাচ জিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছে গোবিনাথের দল।

বিষয়:এএইচএফ কাপ হকি বাংলাদেশ হকি র‌্যাঙ্কিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…