নিয়ম রক্ষার ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে স্কটল্যান্ড। জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের কাছে হেরে আগেই ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দু’দলের।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে হংকং সংগ্রহ করে ১২৭ রান। নির্ধারিত ২০ ওভার শেষের ৩ বল আগে বৃষ্টি নামলে খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। বৃষ্টি শেষে খেলা শুরু হলে স্কটল্যান্ডকে বৃষ্টি আইনে ৮ ওভারে ৭৮ রানের টার্গেট দেওয়া হয়।
জবাবে ব্যাট করতে নেমে ১২ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় পায় স্কটিশরা। হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মার্ক চ্যাপম্যান। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে ম্যাথু ক্রুসের ব্যাট থেকে।






