টি-টুয়েন্টি ক্রিকেটের নিয়মে দুটি পরিবর্তন এনেছে আইসিসি। শুক্রবার বিবৃতিতে নতুন নিয়ম দুটির কথা জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে যা কার্যকর করা হবে।
স্লো ওভার রেটের কারণে আগে জরিমানা বা ম্যাচ ফি কাটার শাস্তি ছিল। এখন থেকে শাস্তি মিলবে মাঠের ভেতরেই। কোনো দল স্লো ওভার রেটে অভিযুক্ত হলে শাস্তি হিসেবে ম্যাচের বাকি ওভারগুলোতে ৩০ গজের বাইরে একজন খেলোয়াড় কম রাখতে পারবে।
টি-টুয়েন্টিতে প্রত্যেক ম্যাচের ঐচ্ছিক পানি পানের বিরতির একটি নিয়মও করেছে আইসিসি। দুই দলের সম্মতি থাকলে ইনিংসের মাঝামাঝি সময়ে আড়াই মিনিটের জন্য নেয়া যাবে এই বিরতি।
দুটি সিদ্ধান্তই আইসিসির গভর্নিং বডির বৈঠকে চূড়ান্ত হয়েছে। স্লো ওভার রেটের নিয়মটির নজির আগে দেখা গেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ভিন্নধারার টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে।
নতুন নিয়ম দুটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার মাঠে প্রয়োগ করা হবে চলতি মাসের ১৬ তারিখে, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে।








