চট্টগ্রাম থেকে: অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে স্লেজিং বিষয়টিও। প্রতিপক্ষকে মানসিকভাবে ঘায়েল করতে মুখ ব্যবহারে তাদের জুড়ি মেলা ভার। স্লেজিং করে অবশ্য বাংলাদেশকে ঘায়েল করতে পারছে না অজিরা। ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা সাব্বির রহমান বরং অজিদের স্লেজিং শুনে হয়ে উঠেন আরও বেশি সপ্রতিভ। জানালেন, বিষয়টি নাকি তার কাছে উপভোগেরও।
‘স্লেজিং করলে আমি আরও মজা পাই ব্যাটিংয়ের সময়। ব্যাটিং উপভোগ করি স্লেজিং করলে। স্লেজিং ফিরিয়েও দেই। এটা আমি অনেক উপভোগ করি।’
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মাঠে সবচেয়ে বেশি কথা বলেন সাব্বিরই। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে মাঝেমধ্যেই কথা বলতে দেখা যায় তাকে। কী বলাবলি করেন? সেটি স্লেজিং কিনা? একজন সংবাদকর্মীর জিজ্ঞাসা ছিল এমনই। তাতে অল্প কথাতেই কৌতূহল মেটালেন সাব্বির, ‘ওরা স্লেজিং করে, আমিও করি। আমি ওদের সঙ্গে কথা বলি নির্ভার হওয়ার জন্যই।’
মিরপুরে প্রথম টেস্টেও স্লেজিং করে পার পায়নি অজিরা। পাল্টা জবাব দিয়েছে সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে তরুণরাও। বাংলাদেশ যে আগের জায়গায় নেই সেটি মাঠের খেলায় মুশফিকরা প্রমাণ দিলেও অজিরা তা উপলব্ধি করতে একটু দেরিই করে ফেলছে। ‘অস্ত্র’ মনে করে চালাচ্ছে স্লেজিং।
ছবি: সাকিব উল ইসলাম







