কনুইয়ের চোট নিয়ে দেশে ফেরা কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক স্টিভেন স্মিথের চলতি বিপিএলে আর খেলা হচ্ছে না। আগামী মঙ্গলবার সার্জনের ছুড়ি-কাচির নিচে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে। সুস্থ হতে লেগে যাবে ৬ সপ্তাহ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক প্রতিবেদনে স্মিথের অস্ত্রোপচারের তথ্য জানানো হয়েছে।
ডান হাতের কনুইয়ের পুরনো চোট হঠাৎ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়েন স্মিথ। তার আগে খেলেন বিপিএলের দুটি ম্যাচে। সিডনিতে চিকিৎসা নিয়ে আবার ঢাকায় ফেরার কথা ছিল তার। কিন্তু এমআরই করানোর পর পান দুঃসংবাদ, দ্রুতই করাতে হবে অস্ত্রোপচার।
বিপিএলে প্রথমবার খেলতে এসেই অধিনায়কের দায়িত্ব পান স্মিথ। তার নেতৃত্বগুণে মুগ্ধতা ছড়ায় সতীর্থদের মাঝে। কিন্তু দুটি ম্যাচেই শেষ হয়ে গেল অজি তারকার আসর।
বল টেম্পারিং কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্মিথের এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাবে মার্চে। নিজেকে প্রমাণ করার তাগিদে এসেছিলেন বিপিএল খেলতে। স্মিথের জায়গায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস।








