অসতর্কতায় হাত থেকে পড়ে যেন আপনার সাধের দামি স্মার্টফোনের স্ক্রিনটা ভেঙ্গে না যায় এজন্য এখনকার ৭০ শতাংশ স্মার্টফোনেই ব্যবহৃত হয় গরিলা গ্লাস। বিখ্যাত স্মার্টফোন নির্মাতা স্যামসাং এবং অ্যাপলসহ প্রায় সবগুলো সুপরিচিত ব্র্যান্ডই কর্নিং কোম্পানির তৈরি এই গরিলা গ্লাস যোগ করে নিজেদের পণ্যকে আরেকটু মজবুত করে।
আর এবার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কর্নিং নিয়ে আসছে আরও উন্নতমানের ডিসপ্লে গ্লাস কর্নিং গরিলা গ্লাস ৫।
প্রায়ই দেখা যায়, উঁচু স্থান থেকে পড়ে পুরো মোবাইল ফোন ভালো থাকলেও ডিসপ্লেটা ফেটে বা ভেঙ্গে যায়। নইলে বেকায়দায় অন্তত বড়সড় আঁচড় তো লাগেই। এ জায়গাটিতে কর্নিংয়ের গরিলা গ্লাস বিশ্বজুড়ে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এটি ফোনের ডিসপ্লেতে স্ক্র্যাচ বা আঁচড় লাগা এবং আঘাতজনিত কারণে ফেটে যাওয়া অনেকটাই রোধ করে।
নতুন মডেলের গরিলা গ্লাস ৫ প্রায় ১.৬ মিটার বা ৫ ফুট উচ্চতা থেকে পড়ে গেলেও ৮০ ভাগেরও বেশি সময় অক্ষত থাকে বলে জানিয়ে কর্নিং। পরীক্ষাগারে কঠিন আর এবড়োথেবড়ো মেঝেতে কোমর এবং কাঁধ সমান উচ্চতা থেকে ফেলে গরিলা গ্লাস ৫-কে বারবার পরীক্ষা করা হয়েছে। সাধারণত এ ধরণের উচ্চতা থেকেই স্মার্টফোন নিচে পড়ে যায়।
গরিলা গ্লাস ৫ বাজারে থাকা গরিলা গ্লাসের তুলনায় দ্বিগুণ ঘাতসহ বলে জানিয়েছেন কর্নিংয়ের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক জন বেইন।
আগামী কয়েক মাসের মধ্যেই স্মার্টফোন কোম্পানিগুলো নতুন এই গ্লাসের তৈরি ডিভাইস বাজারে ছাড়বে বলে আশা করা হচ্ছে।







