এরশাদ বিরোধী আন্দোলনে রাজধানীর পান্থপথে আক্রান্ত হয়েছিলো আওয়ামী লীগের একটি মিছিল। ওই মিছিলে পুলিশের লাঠিচার্জে
মাথায় আঘাত লেগে আহ্ত হয়েছিলেন নাজমা রহমান। সেই থেকে দীর্ঘদিন ভুগছিলেন তিনি।
পরবর্তীতে তার হৃদরোগ, ডায়াবেটিক ও কিডনীর সমস্যাও দেখা দেয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে ’৭৫ পরবর্তী গণতন্ত্র পুনুরুদ্ধারে
তার সাহসী ভূমিকার কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
বাংলাদেশ সময় শনিবার সকাল সাতটা দশ মিনিটে তিনি আমেরিকার আরিজোনার মিসায়
ব্যানার বয়উড হার্ট হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি
দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
ছাত্র জীবনেই তিনি রাজনীতির সাথে জড়িত হন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন তিনি। আশির দশকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত। এর আগে তিনি দীর্ঘদিন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী মুজিবুর রহমান বাদল দৈনিক সংবাদের চীফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সকাল বার্তার সম্পাদক ছিলেন।
অধ্যাপক নাজমা রহমান সাপ্তাহিক পূর্বাণী, চিত্রালী ও দৈনিক সকাল বার্তায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন তিনি।
নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়ায় তার পৈত্রিক বাড়ি। তার পিতার নাম খন্দকার নাজমুল হক। নাজমা বেশ কিছুকাল নারায়ণগঞ্জ কলেজে শিক্ষকতা করেন। আলী আহম্মদ চুনকার নারায়ণগঞ্জ পৌরসভার দ্বিতীয় মেয়াদের চেয়ারম্যান হওয়ার সময় তিনি নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করা নাজমা রহমান সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ও পরে নারায়ণগঞ্জের সাহিত্য সংগঠন ড্যাফোডিল, সাংস্কৃতিক সংগঠন শাপলার সাথে জড়িত ছিলেন। তিনি ড্যাফোডিলের প্রযোজনা ‘লেট দেয়ার বি লাইট’, গোর্কির ‘মা’ নাটকে নির্দেশনা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় তিনি কয়েকটি নাটকে অভিনয় করেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি কবি হালিম আজাদ ও সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ কবিতা পরিষদ, বাংলাদেশ কটন এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতেতি শোক প্রকাশ করেছেন।







